২২ জানুয়ারী, ২০২৬
জুয়েল রানা,
ছবি: অতিথিবৃন্দ
টাঙ্গাইলের দেলদুয়ারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম সভাটি পরিচালনা করেন।
সভায় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে নির্বাচন সংশ্লিষ্টদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করারও পরামর্শ দেন তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী, আচরণবিধি সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) টাঙ্গাইল মোছা. ফারহানা আরেফিন জুই, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার, বিআরডিবি চেয়ারম্যান অপু তালুকদার শিপলু, দেলদুয়ার প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।