১৪ অক্টোবর, ২০২৫
রইচ উদ্দীন আহম্মেদ,
ছবি: ধানের শীষের জয় নিশ্চিত করতে মাঠে চষে বেড়াচ্ছেন- এম এ মতীন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁ-৪ (মান্দা) আসনে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন।
প্রতিদিন পর্যায়ক্রমে উপজেলার ১৪টি ইউনিয়নের সাধারণ জনগণের কাছে তারেক রহমানের এই বার্তা ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন তিনি এবং যুব সমাজের মাঝে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে এই তরুণ নেতা সকাল থেকে রাত ১০টা পর্যন্ত মান্দার বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় এবং ৩১ দফা বাস্তবায়ন সম্বলিত লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন।
কেন্দ্রীয় নেতা এম এ মতীন এই কার্যক্রম প্রসঙ্গে বলেন, তারেক রহমানের ঘোষিত এই লিফলেট বিতরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। গর্ব করে বলতে পারছি আমি বিএনপির একজন কর্মী। কারণ তিনি জানেন সবার আগে বাংলাদেশ এবং দেশের মানুষ।
তিনি আরও বলেন, তারেক রহমান অনেক আগেই মানবিক বাংলাদেশ গঠনের জন্য ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ ঘোষণা করেছেন। তাঁর ঘোষিত এই কর্মসূচি ছিল মানবিক, গণতান্ত্রিক ও গণঅধিকারভিত্তিক রাজনীতির পথে আরও এক দৃঢ় পদক্ষেপ।
বিএনপির এই তরুণ নেতা বলেন, "তারেক রহমান বলেছেন, ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হবে এবার। তাই সকলকে সতর্ক ও ধৈর্য্য ধারণ করতে হবে। সাধারণ মানুষের মন জয় করাই হবে বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য ও উদ্দেশ্য।
এম এ মতীন আরও জানান, এলাকার মানুষের মাঝে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মানুষ অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে। কাজেই মানুষের এই প্রত্যাশার কাছে দলের ও নিজের অবস্থান তুলে ধরতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে দল যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেবে এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
রাজপথে ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা এম এ মতিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং সর্বশেষ মান্দা উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি। তরুণ এই নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
তার এই কার্যক্রমে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় উপস্থিত থাকছেন।