১৮ অগাস্ট, ২০২৫
ছবি: এইচএসসি পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিব ও মনতলা শাহজালাল সরকারি কলেজের অধ্যক্ষ করিম ইকবাল তাজওলী
হবিগঞ্জের মাধবপুরে এইচএসসি পরীক্ষাকেন্দ্রের দুটি ভেন্যুতে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রসচিব অনুপস্থিত থাকায় পরীক্ষা কেন্দ্রের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিনা ছুটিতে ও ইউএনওর অনুমতি ব্যতীত এভাবে পাবলিক পরীক্ষাকেন্দ্রে অনুপস্থিত থাকা গুরুতর দায়িত্ব অবহেলা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পরীক্ষাকেন্দ্রের ওই কেন্দ্রসচিবের নাম করিম ইকবাল তাজওলী। তিনি মনতলা শাহজালাল সরকারি কলেজের অধ্যক্ষ পদে কর্মরত।
রবিবার (১৭ আগস্ট) সরেজমিনে গিয়ে তাকে অনুমতিবিহীন পরীক্ষাকেন্দ্রে অনুপস্থিত পাওয়া যায়।
জানা যায়, উপজেলার এইচএসসি পরীক্ষাকেন্দ্র অপরূপা বালিকা উচ্চ বিদ্যালয় ও আউলিয়াবাদ রামবেশ্বর উচ্চ বিদ্যালয়ের দুটি ভেন্যুতে যথাক্রমে বিজ্ঞানের রসায়ন ও মানবিক বিভাগের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরীক্ষা চলছিল। কিন্তু গুরুত্বপূর্ণ ওই পরীক্ষার দায়িত্বে থাকা কেন্দ্রসচিব অনুপস্থিত ছিলেন। এছাড়া তিনি কোনো অনুমোদিত ছুটিও নেননি এবং দায়িত্ব হস্তান্তরও করেননি।
অপরূপা বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে দায়িত্বে থাকা পরিসংখ্যান বিভাগের শিক্ষক নুরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি ওই কেন্দ্রসচিব পার্শ্ববর্তী আউলিয়াবাদ উচ্চ বিদ্যালয়ে ডিউটিতে আছেন বলেও মিথ্যা তথ্য প্রদান করেন।
এছাড়া সরেজমিনে দেখা যায়, পরীক্ষাকেন্দ্রে বহিরাগত লোকজনের প্রবেশ ঘটেছে। পাশাপাশি ওএমআর সিটও সিল অবস্থায় পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, “বিগত সময়ে মাধবপুরের ফলাফলে ধস নেমেছে। এখন যদি কর্মকর্তারা এমন অবহেলা করেন এবং নকলের সুযোগ করে দেন, তাহলে ছাত্রদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে।”
এ ব্যাপারে জানতে চাইলে কেন্দ্রসচিব করিম ইকবাল তাজওলী বলেন, “আমি বর্তমানে লাখাই এলাকায় অবস্থান করছি। আমি নতুন যোগ দিয়েছি, তাই নিয়ম-কানুন ভালো জানি না। আমার দায়িত্ব অন্যরা পালন করছে।”
মাধবপুরের ইউএনও ও পরীক্ষাকেন্দ্রের সভাপতি আপনার অনুপস্থিতির বিষয়ে জানেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “জানানো হয়নি। এছাড়া এটি জানানোর প্রয়োজনও নেই।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে মাধবপুরের ইউএনও ও এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সভাপতি মজিবুল ইসলাম জানান, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি এ বিষয়ে তদন্ত করার জন্য শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামকে নির্দেশনা দিয়েছি।”
প্রসঙ্গত, পরীক্ষাকেন্দ্রে কেন্দ্রসচিবের প্রধান দায়িত্ব হলো—কেন্দ্রের সকল পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করা, পরীক্ষাসামগ্রী (উত্তরপত্র ইত্যাদি) গ্রহণ, সংরক্ষণ ও বিতরণ করা, কেন্দ্র কমিটি ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয় করা, পরীক্ষা-সংক্রান্ত ব্যয়ের হিসাব রাখা ও তহবিল পরিচালনা করা এবং পরীক্ষাকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা। কেন্দ্রসচিব কেন্দ্র কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং বোর্ড ও তত্ত্বাবধায়ক কর্মকর্তার প্রদত্ত সকল নির্দেশাবলী মেনে চলেন।
Good news
Good