১৩ নভেম্বর, ২০২৬
মোঃ আশিকুর রহমান,
ছবি: প্রতীকী ছবি
ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের টার্গেট এখন গ্রামীণ ব্যাংক ও জুলাইযোদ্ধারা। গত কয়েক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গ্রামীণ ব্যাংকের ১৮ শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। জয় বাংলা স্লোগান দিয়ে এসব প্রতিষ্ঠানে পেট্রোলবোমা, ককটেল নিক্ষেপ এবং অগ্নিসংযোগ করা হয়। আওয়ামী দুর্বৃত্তরা নাশকতা চালিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
পেট্রোলবোমা হামলা, ভাঙচুর ও ককটেল নিক্ষেপ করা হয়েছে জুলাইযোদ্ধাদের বাড়িতেও। পরিকল্পিত হামলার শিকার হয়েছে জুলাইযোদ্ধাদের বড় একটি অংশ।
ফ্যাসিস্টদের সংঘবদ্ধ চক্র ও তাদের দোসরদের দফায় দফায় হামলার শিকার হয়েছেন হাসনাত আবদুল্লাহ এমপি, নাসীরুদ্দীন পাটওয়ারী, আখতার হোসেন এমপি, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং আয়াশসহ বহু জুলাইযোদ্ধা। গত কয়েক দিনের ঘটনা পর্যবেক্ষণে এসব তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, দেশের অন্যতম বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। এটির প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। এই গ্রামীণ ব্যাংক বাংলাদেশের জন্য নোবেল শান্তি পুরস্কার জয়ের মতো বিরল সম্মান বয়ে এনেছে। সারা দেশে গ্রামীণ ব্যাংকের ২,৫৬৮টি শাখা রয়েছে। আছে ২৬১ এরিয়া অফিস, ৪০টি জোনাল অডিট অফিস এবং ৪০টি জোনাল অফিস। এসব অফিস এখন ফ্যাসিস্টদের হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
জানা গেছে, ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় বসার পর থেকেই ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংক আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূস জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব পালন করেন। তার সময়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাসহ বেশকিছু পদক্ষেপ নেওয়ায় ক্ষুব্ধ হন দলটির নেতাকর্মীরা। দেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিদেশে পলাতক নেতারা এখন গ্রামীণ ব্যাংককে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছেন।
গত কয়েক দিন ধরেই দিন এবং রাতে বিভিন্ন জেলা-উপজেলায় জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। এতে ব্যাংকটির বিভিন্ন শাখায় থাকা নথিপত্র ধ্বংস হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আস্থার সংকট তৈরি হচ্ছে গ্রাহকদের। সংঘবদ্ধ ফ্যাসিস্ট চক্র ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকবিরোধী অপপ্রচার চালাচ্ছে। ছড়াচ্ছে নানা গুজব।

কুষ্টিয়ার দৌলতপুরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে বুধবার মধ্যরাতে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দেয় দুর্বৃত্তরা। আমার দেশ
এসব বিষয়ে জানতে চাইলে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সরদার আকতার হামিদ আমার দেশকে বলেন, ‘কিছুদিন ধরে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনা দেখা যাচ্ছে। ব্যাংকটির ১৮টি শাখায় আগুন দেওয়া হয়েছে।’ তিনি আরো বলেন, ‘প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়সহ শাখাগুলোর নিরাপত্তা চেয়ে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছি। তারা সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা দিচ্ছে। আমরাও নিজস্ব নিরাপত্তা বাড়িয়েছি।’
ব্যাংকের যেসব শাখায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলা হয়েছে, সেগুলো হলোÑঢাকার ধামরাইয়ের সুয়াপুর, নওগাঁর রানীনগরের কচুয়া বাজার, বগুড়ার ধুনটের গোসাইবাড়ী ও শেরপুর, কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়, ফেনীর শর্শদি বাজার, ময়মনসিংহের গৌরীপুরের দৌহাখোলা, নেত্রকোনার মৌগাতীর চুচুয়া বাজার ও আমতলা, বরগুনার আমতলীর কড়ইবুনিয়া, কুড়িগ্রাম শহরের মৎস্য খামার এলাকা, চট্টগ্রামের আনোয়ারার বারখাইন, কক্সবাজার সদর, পাবনার দোগাছী বাজার, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা, মাগুরার মহম্মদপুর, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী এবং চাঁদপুরের বাগাদী শাখা।