২৩ অগাস্ট, ২০২৬
Md Ashikur Rahman,
ছবি: জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থীদের নিয়ে ‘A+ সংবর্ধনা
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থীদের নিয়ে ‘A+ সংবর্ধনা–২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর জেলা শাখা।
শুক্রবার (২১ আগস্ট) গাজীপুর জেলার পি টি আই অডিটোরিয়ামে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃতী শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইসমাইল পাঠানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব এবং জাকসু জিএস মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। তারা বলেন, একটি ভালো ফলাফল শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই শেষ লক্ষ্য নয়। বরং ভবিষ্যৎ উচ্চশিক্ষা, দক্ষতা অর্জন ও কর্মজীবনের জন্য শিক্ষার্থীদের এখন থেকেই পরিকল্পিতভাবে প্রস্তুতি নিতে হবে।
বক্তারা শিক্ষার্থীদের শুধু পরীক্ষাভিত্তিক সাফল্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন। একই সঙ্গে দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সম্ভাবনা, ভবিষ্যৎ ক্যারিয়ার নির্বাচন এবং সময়ের সঠিক ব্যবহারের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। শিক্ষার্থীদের নিজেদের আগ্রহ, যোগ্যতা ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ এবং সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
অভিভাবকদের প্রতিও শিক্ষার্থীদের মেধা ও আগ্রহকে যথাযথভাবে মূল্যায়ন করে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। তাদের হাতে শুভেচ্ছা উপহার ও সম্মাননা তুলে দিয়ে ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য শুভকামনা জানানো হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি, উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং দেশ ও সমাজের জন্য দক্ষ ও দায়িত্বশীল প্রজন্ম হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।