২১ অগাস্ট, ২০২৫
সাইফুর রহমান বাদল,
ছবি: সংগৃহীত
হরিণাকুণ্ডুর কৃষকদের মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালা
"কৃষিই সমৃদ্ধি" এই স্লোগানকে সামনে রেখে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে বুধবার (২০ আগস্ট) দুপুর ৩টায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের কেবি একাডেমি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কৃষক হাকিম আলী। হরিণাকুণ্ডু উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ঝিনাইদহের ষষ্ঠী চন্দ্র রায়। আরো উপস্থিত ছিলেন সফল কৃষক-কৃষাণীবৃন্দ।
এ সময়ে প্রধান অতিথি কৃষিবিদ আলমগীর বিশ্বাস বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালায় উপস্থিত হওয়ার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। একটি ওয়ার্কশপের মাধ্যমে আগামী বছরের কর্মসূচির সমৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে এই প্রকল্পের মাধ্যমে উপজেলায় কৃষকদের কল্যাণ বয়ে আনলে তার সুফল পাওয়া যাবে।
তিনি উপজেলার কৃষক সমিতি গঠনের উপর ব্যাপক গুরুত্বারোপ করেন। যশোর অঞ্চলকে কৃষির আইকন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। তাছাড়াও কৃষক সমিতির মাধ্যমে নানা ধরনের সমস্যার সমাধান খুব সহজেই পাওয়া যাবে বলেও জানান এই শীর্ষ কর্মকর্তা।