০৯ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল

কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েও বিদেশে কর্মী পাঠানো ৩৫ শতাংশ কমেছে: হাসনাত

০৯ নভেম্বর, ২০২৬

মোঃ আশিকুর রহমান,
নিজস্ব প্রতিবেদক

ছবি: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

দেশের অর্থনীতি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি সত্ত্বেও উল্টো বিদেশে জনশক্তি রপ্তানি ৩৫ শতাংশ কমে গেছে বলে জাতীয় সংসদে দাবি করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে ‘আমার বাড়ি আমার খামার’ (সাবেক ‘একটি বাড়ি একটি খামার’) প্রকল্পে হওয়া ব্যাপক দুর্নীতির বিচার কোন পর্যায়ে রয়েছে, তা জানতে চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে দেশের অর্থনৈতিক সূচক ও কর্মসংস্থান পরিস্থিতির সামগ্রিক চিত্র তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ।

বক্তব্যের শুরুতে রাজস্ব লক্ষ্যমাত্রার অসঙ্গতি তুলে ধরে তিনি বলেন, ‘অর্থনীতির সংকটকালে গত অর্থবছরে এনবিআরের লক্ষ্যমাত্রার তুলনায় ৪ লাখ ৩ হাজার কোটি টাকা অর্জিত হয়েছিল। কিন্তু চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা, যা আগের বছরের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি। এটি যে অবাস্তব (আনরিয়েলিস্টিক) ছিল, তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে; কারণ প্রথম প্রান্তিকেই লক্ষ্যমাত্রার চেয়ে ৩১ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে।’

মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধি নিয়ে তিনি বলেন, চলতি বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭.৫ শতাংশ, অথচ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী বছর শেষে তা ১১ শতাংশে গিয়ে ঠেকবে। এছাড়া জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৫ শতাংশ ধরা হলেও আইএমএফ প্রজেক্ট করেছে তা স্মরণকালের সর্বনিম্ন ৩.২ শতাংশ এবং পরবর্তী বছরে তা আরো কমে ২.২ শতাংশে নেমে আসবে।

অর্থনীতির নাজুক পরিস্থিতির আরো তথ্য তুলে ধরে তিনি বলেন, বিগত তিন দশকের মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি সর্বনিম্ন ৩.৪২ শতাংশে নেমে এসেছে এবং বেসরকারি খাতে নতুন কোনো ঋণ ছাড় হচ্ছে না।

কর্মসংস্থানের প্রতিশ্রুতি প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ১৮ মাসে দেশে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির কথা থাকলেও বাস্তবে কত কর্মসংস্থান হয়েছে তার কোনো সঠিক হিসাব নেই। কর্মসংস্থান তো বাড়েইনি, বরং বিদেশে কর্মী যাওয়ার হার উল্টো ৩৫ শতাংশ কমে গেছে।

এই প্রেক্ষাপটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্ন রেখে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের নাম পরিবর্তন করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ‘আমার বাড়ি আমার খামার’ করা হয়েছিল। কিন্তু এ প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে।

তিনি প্রতিমন্ত্রীর কাছে জানতে চান, সমবায়ের মাধ্যমে কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়ন করে জাতীয় জিডিপিতে অবদান রাখতে পারে—এমন কী পরিমাণ নতুন কর্মক্ষম জনগোষ্ঠী এ প্রকল্পের মাধ্যমে তৈরি করা সম্ভব হয়েছে? একই সঙ্গে প্রকল্পে সংঘটিত দুর্নীতির কারণে যেসকল প্রকল্প পরিচালকের (পিডি) বিরুদ্ধে মামলা হয়েছিল, সেই বিচার কার্যক্রম বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

Related Article