১৪ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

মান্দায় ঘর তুলতে গিয়ে হামলার শিকার এক পরিবার, আহত ৫ জন

২৬ জানুয়ারী, ২০২৬

ছবি: বসতবাড়ি

নওগাঁর মান্দায় বসতবাড়ির ঘর নির্মাণে বাধা দিয়ে প্রতিবেশীদের বর্বরোচিত হামলায় নারীসহ একই পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে ও রাতে দুই দফায় উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর বালিকাপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মো. রেজাউল হক (৪২) জানান, বসতবাড়ির মাত্র দেড় শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রতিবেশী মৃত আতর আলীর ছেলে মো. ফুলবক্স ও মো. নূরবক্স গংদের বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে তিনি তার ভোগদখলীয় জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে কাজে বাধা দেয়। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে তারা তার ওপর হামলা চালায়।

রেজাউল হক বলেন, প্রধান আসামি মো. ফুলবক্স হাসুয়া দিয়ে তার মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার মা সফুরা বেওয়া, স্ত্রী কুলসুম বিবি ও ছোট ভাইয়ের স্ত্রী রোজিনা আক্তারকেও মারধর করে আহত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ওইদিন রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নূরবক্স গং পুনরায় সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে হামলা চালায়। সে সময় নূরবক্সের হুকুমে শাকিল হোসেন তার বাড়িতে ঢুকে বাড়িতে বেড়াতে আসা তার বোন হাছেন বানুকে হত্যার উদ্দেশ্যে মাথায় হাসুয়া দিয়ে কোপ মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

রেজাউলের ভাষ্যমতে, ওই সময় মোয়াজ্জেম আলী তার ছোট ভাইয়ের স্ত্রীর শ্লীলতাহানি করেন এবং নূরবক্স তার মাথায় হাসুয়া দিয়ে কোপ দেন। এছাড়া তোফাজ্জল ইসলাম তার আহত বোন হাছেন বানুর গলা থেকে ৭ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।

আহতদের চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাছেন বানুর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাসুদ রানা জানান, বিষয়টি ৫-৬ বছর ধরে চলে আসা শরিকি কোন্দল। মূলত জমির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করেই নতুন করে এই ঘটনার সূত্রপাত।

​ওসি আরও উল্লেখ করেন, এর আগেও উভয় পক্ষ থানায় অভিযোগ নিয়ে এসেছিল। তবে আমাদের কাছে মনে হয়েছে, দুই পক্ষই বিষয়টি পরবর্তীতে নিজেদের মধ্যে মীমাংসা করে নিয়েছে। ওসি আরও জানান, বর্তমানে এই বিরোধ সংক্রান্ত একটি জিআর (GR) মামলা আদালতে চলমান রয়েছে।

 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good