০৮ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
খেলাধুলা

মেসির আরেক রেকর্ড: প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট

০৮ নভেম্বর, ২০২৬

মোঃ আশিকুর রহমান,
নিজস্ব প্রতিবেদক

ছবি: লিওনেল মেসিএএফপি

মেজর লিগ সকারে (এমএলএস) আরও একটি রেকর্ড গড়লেন লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে জিতলেন গোল্ডেন বুট। ২০২৬ মৌসুমে ৩১ ম্যাচে ২৬ গোল করে টানা দ্বিতীয়বারের মতো লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক।

গত মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে প্রথমবার গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। সব মিলিয়ে এমএলএসের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী। তাঁর আগে পাঁচজন খেলোয়াড় একাধিকবার এই পুরস্কার জিতলেও কেউ টানা দুই মৌসুমে জিততে পারেননি।

এবার গোলসংখ্যায় মেসির ধারেকাছেও যেতে পারেননি অন্যরা। দ্বিতীয় সর্বোচ্চ ২২ গোল এফসি ডালাসের ক্রোয়েশিয়ান স্ট্রাইকার পেতার মুসার। ২১ গোল নিয়ে তৃতীয় ন্যাশভিলের স্যাম সারিজ।

শুধু গোল করাই নয়, সতীর্থদের দিয়েও গোল করিয়েছেন মেসি। ২০২৬ মৌসুমে তাঁর অ্যাসিস্ট ১৭টি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৪৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি, যা এ মৌসুমে লিগের সর্বোচ্চ। গত মৌসুমে ১৯টি অ্যাসিস্ট ছিল তাঁর, যা ছিল লিগে সর্বোচ্চ।

চলতি মৌসুমে ২৬ গোল করেছেন মেসি

চলতি মৌসুমে ২৬ গোল করেছেন মেসিএএফপি

 

আজ এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচে গোল পাননি মেসি, তবে তাঁর কর্নার থেকে প্রথমার্ধে গোল করেন ইয়ান ফ্রে। আরেকটি কর্নার থেকে গোলের সুযোগ তৈরিতে ভূমিকা ছিল তাঁর। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় পায়নি মায়ামি।

শার্লটের সঙ্গে ড্রয়ের মাধ্যমে ৬০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে মায়ামি। প্লে-অফের প্রথম রাউন্ডে ঘরের মাঠে খেলার সুবিধা পাবে দলটি। তিন ম্যাচের সিরিজে তাদের প্রতিপক্ষ সপ্তম স্থানে থাকা কলম্বাস ক্রু।

মেসির সামনে এখন ব্যক্তিগত আরেকটি বড় অর্জনের হাতছানি। ২০২৪ ও ২০২৫ সালে লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার এমভিপি জিতেছেন। এবারও সেই পুরস্কারের দৌড়ে এগিয়ে আছেন। ২০২৬ সালে এমভিপি হলে প্রথম খেলোয়াড় হিসেবে তিনবার এই পুরস্কার জিতবেন মেসি।

Related Article