০৬ মে, ২০২৪
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল)ঃ আহত আ’লীগ নেতা হাজি আবুল হোসেন ও তার ছেলে ফুয়াদ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও উপজেলা আ.লীগের সদস্য হাজী আবুল হোসেন(৫০) ও তার ছেলে ফোয়াদ হোসেন হৃদয়কে (২৬) কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে পাশের বাড়ির ইসমাইল হোসেন এই ঘটনা ঘটায়।
হাজী আবুল হোসেন পৌর এলাকার পোষ্টকামুরী গ্রামের মৃত কোমর উদ্দিনের ছেলে।
এই ঘটনায় হাজী আবুল হোসেনের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ইসমাইলের ছাদের পানি আবুল হোসেনের ঘরের চালে ফেলছিলেন। আবুল হোসেনের স্ত্রী জেসমিন আক্তার নিষেধ করলে ইসমাইল তার স্ত্রী শিলা আক্তার ও মেয়ে জিম আক্তার লাঠি ও দা নিয়ে তার ওপর হামলা করে।
তার আত্মচিৎকারে আবুল হোসেন ও ছেলে সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফোয়াদ হোসেন হৃদয় এগিয়ে গেলে তাদের ওপরও এলোপাথারী হামলা করে।
এসময় ইসমাইল ধারালো দা দিয়ে আবুল হোসেন ও তার ছেলে ফোয়াদ হোসেন হৃদয়কে মাথার মধ্যে এলোপাথারি কুপিয়ে জখম করে।
তাদের আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।এরপর তাদের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রামকৃষ্ণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আলামত হিসেবে রক্তমাখা দা জব্দ করেছেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Good news
Good