২১ ফেব্রুয়ারী, ২০২৬
মোঃ সোহেল রানা,
ছবি: মহান শহীদ দিবস পালিত
নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস পালিত
টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
কর্মসূচির শুরুতে আজ শনিবার একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা প্রশাসন মিলনায়তনে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফান উদ্দিন এর সভাপতিত্বে ভাষা শহীদদের জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা মোঃ রবিউল আওয়াল লাভলু।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্যের সহধর্মিনী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেত্রী মনোয়ারা বেগম মুকুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন, উপজেলা প্রকৌশলী এলজিডি মোঃ তোরাপ আলী, সদর ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ হাবিবুর রহমান, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা রবিউল আওয়াল লাভলু বলেন- “মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে অনন্য। একুশের চেতনাকে ধারণ করে আমাদের একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
নাগরপুরে মাদক ও সন্ত্রাসের কোনো ঠাঁই নেই, এদের প্রতি কোনো প্রশ্রয় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
আলোচনা সভা শেষে মহান শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।