২৯ Jul, ২০২৬
ছবি: সরকারি জায়গায় অবৈধভাবে শ্রমিক হোটেলের স্থাপনা ও কয়েকটি হোটেল নির্মাণ করা হয়েছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নয়াহাটি বাজারে শ্রমিক হোটেলের বিরুদ্ধে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণ, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ এবং পাশের একটি মালিকানাধীন জমি ব্যবহারে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী শাহজাহান মিয়া অভিযোগ করে বলেন, "আমার মালিকানাধীন জমির সামনে সরকারি জায়গায় অবৈধভাবে শ্রমিক হোটেলের স্থাপনা ও কয়েকটি হোটেল নির্মাণ করা হয়েছে। এরপর থেকে হোটেলের ময়লা-আবর্জনা আমার জমিতে ফেলা হচ্ছে, যার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে।
এছাড়া হোটেলের বাথরুম নির্মাণ করায় আমি আমার জমিতে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছি না এবং জমিটি ব্যবহার করাও কঠিন হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে আমাকে হুমকি-ধমকি দেওয়া হয়। আমি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি, যাতে আমি আমার মালিকানাধীন জমি স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারি।"
এ বিষয়ে শ্রমিক হোটেলের মালিকপক্ষ বলেন, "হোটেলের ময়লা-আবর্জনা দ্রুত পরিষ্কার করা হবে এবং বাথরুমটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।"
এ বিষয়ে মাধবপুর মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আহমেদ অনিক বলেন, "সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ এবং এর কারণে অন্যের মালিকানাধীন জমির পরিবেশ নষ্ট করা আইন ও নীতিমালার পরিপন্থী। সংশ্লিষ্ট প্রশাসনের উচিত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা।"
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রাও।
Good news
Good