১৩ মার্চ, ২০২৩
মোঃ আয়ুব মিয়া,
ছবি: আলোচনা সভার একাংশ
‘মানসম্মত প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ স্লোগানে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় অতিথিদের পিয়াজু, চমুছা ও জিলাপী দিয়ে আপ্যায়ন করায় উপজেলা শিক্ষা অফিসারের সমালোচনা করেন প্রধান অতিথি।
এসময় আলোচনা চলাকালিন এক প্রধান শিক্ষক চেয়ারে বসে ঘুমাতে দেখে বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী বলেন, সবকিছুতে স্মার্ট হতে হবে- স্মার্ট দেখাতে হবে, তা না হলে স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা বাস্তবায়ন সম্ভব হবে না। তিনি আরোও বলেন আমার প্রাপ্য সম্মানির সবটুকু শিক্ষকদের, মাদ্রাসার হুজুরদের এবং মসজিদের ইমামদের দিয়ে দিই। আমি রাজনীতি করি ইবাদতের উদ্দেশ্যে। তাই অনেকের চক্ষুশূলে পরিণত হয়েছি বলেও মন্তব্য করেন তিনি।
১৩ মার্চ (সোমবার) সকাল ১১টায় চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনা সভায় সহকারি উপজেলা শিক্ষা অফিসার জীবন কানাই সরকারের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মাও. সোলেমান ফারুকী, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, উপজেলা শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার পোদ্দার, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য মাষ্টার আহসান ফারুক, এসএমসির সভাপতি আবুল বাশার, সঞ্চিতা বড়ুয়া, প্রধান শিক্ষক জাকের হোসেন, উৎপল চক্রবর্তী, নাজিম উদ্দীন প্রমুখ।
উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উপস্থিতিতে বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা প্রসারে অবদান রাখা ব্যক্তিদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।