০৯ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

পঞ্চগড়ে তাপমাত্রা ১৫ দশমিক ৫, বাড়ছে শীতের আমেজ

০৯ নভেম্বর, ২০২৬

মোঃ আশিকুর রহমান,
নিজস্ব প্রতিবেদক

ছবি: ফাইল ছবি

পঞ্চগড়ে ঋতু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে। রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পরও নামছে তাপমাত্রা। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম। দিনের তীব্র রোদ আর রাতের ঠান্ডার এমন বৈপরীত্যে বদলে যাচ্ছে জেলার আবহাওয়া। এর মধ্যে তেঁতুলিয়ায় আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। তখন বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগের দিন রোববার পঞ্চগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

 

জেলার গ্রামাঞ্চলে ভোরের দিকে ঘাস ও গাছের পাতায় শিশির জমতে দেখা যাচ্ছে। কোথাও কোথাও পড়ছে হালকা কুয়াশা। দিনের বেলায় রোদের তীব্রতা থাকলেও সন্ধ্যার পর অনেকেই গরম পোশাক ব্যবহার করছেন। ঘরেও শীতের প্রস্তুতি হিসেবে বের করা হচ্ছে লেপ-কম্বল।

 

আবহাওয়ার এই ওঠানামার প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যে। সর্দি, কাশি, জ্বর ও শ্বাসতন্ত্রের নানা সমস্যা নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন অনেকে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে এসব অসুস্থতা বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন রোগীর স্বজনেরা।

 

হাসপাতালে আসা এক রোগীর স্বজন আসিফ আলী বলেন, কয়েক দিন ধরে সকাল ও রাতে ঠান্ডা বেশি পড়ছে। তার পরিবারের একটি শিশু সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছে। প্রথমে বাড়িতে চিকিৎসার চেষ্টা করা হলেও পরে শিশুটিকে হাসপাতালে আনতে হয়েছে।

 

আরেক রোগী হাবিব হাসান জানান, দিনের বেলায় রোদের কারণে গরম অনুভূত হলেও সকাল ও রাতে ঠান্ডা থাকে। আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে শরীর খাপ খাওয়াতে পারছেন না তিনি। কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছেন। এ কারণে চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে এসেছেন।

 

চিকিৎসকদের পরামর্শ, ঋতু পরিবর্তনের সময় শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজন অনুযায়ী গরম পোশাক পরতে হবে। পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ক্রমেই নিচের দিকে নামছে। রাত ও ভোরে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরো কমার পাশাপাশি শীতের অনুভূতিও বাড়তে পারে।

Related Article