২৩ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের সভা আজ

২৩ নভেম্বর, ২০২৬

মোঃ আশিকুর রহমান,
নিজস্ব প্রতিবেদক

ছবি: পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের সভা আজ। সংগৃহীত

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা অনুষ্ঠিত হবে।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে সভার এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় দুইটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এগুলো হলো—গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি কর্তৃক মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং এ শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা।

বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সভায় নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারের উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে, সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে নতুন মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাবনা জমা দেয়ার কথা থাকলেও সভাটি স্থগিত করা হয়।

সোমবার (৯ নভেম্বর) মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পোশাকশ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব জমা দেয় শ্রমিকপক্ষ। তবে তাৎক্ষণিক কোনো প্রস্তাব না দিয়ে অভ্যন্তরীণ আলোচনার জন্য বোর্ডের কাছে সময় চান মালিকপক্ষের প্রতিনিধিরা। এজন্য বোর্ড তাদের চার কার্যদিবসের সময়সীমা বেঁধে দেয়।

২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

Related Article