২৮ জানুয়ারী, ২০২৬
মোঃ মাহবুবুল ইসলাম,
ছবি: অভিযুক্ত তিনজন সংসদ সদস্য পদপ্রার্থী
বিদ্যুতের খুঁটি ও গাছে ফেস্টুন সাঁটানোর কারণে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের তিনজন প্রার্থীকে আদালতে তলব করা হয়েছে। এরা হলেন, স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা ইসফা খায়রুল হক শিমুল, আরেক স্বতন্ত্র প্রার্থী বহিস্কৃত বিএনপি নেতা ব্যারিস্টার রেজাউল করিম ও জামায়াতে ইসলামীর প্রার্থী মনজুর রহমান।
এ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষে সিভিল জজ মো. মামুন রোববার ও সোমবার এই প্রার্থীদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠান। নোটিশে উক্ত অনিয়মের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য প্রার্থীদেরকে তার আদালতে স্ব-শরীরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে- নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সরেজমিনে দেখতে পেয়েছে যে, ইসফা খায়রুল হক শিমুল, রেজাউল করিম, মনজুর রহমান নির্বাচনী প্রচারণার লক্ষ্যে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ও গাছে ফেস্টুন সাঁটিয়েছেন। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি বিধি মোতাবেক এ বিষয়ে নিজ উদ্যোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।