০৮ নভেম্বর, ২০২৬
আহসান হাবিব রুবেল,
ছবি: আলোচনা সভা
“করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় উপজেলা নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে রুহিয়া চৌরাস্তা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে রুহিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সদস্য ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ১ নম্বর রুহিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়।
পরে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রুহিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মকবুল, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম (বাদল), রুহিয়া ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম, রুহিয়া থানার পক্ষ থেকে এসআই রাম, মোহাম্মদ মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে রুহিয়া উপজেলার ৪৭টি সমবায় সমিতির মধ্যে কার্যক্রম ও সাফল্যের ভিত্তিতে নির্বাচিত সেরা পাঁচটি সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে সম্মাননা সনদপত্র তুলে দেওয়া হয়।
বিভিন্ন সমবায় সমিতির সদস্য, প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দিবসটির আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।