২৪ অগাস্ট, ২০২৫
আহসান হাবিব রুবেল,
ছবি: মাছ ধরা জাল জব্দ
মাছের পোনা রক্ষায় ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়িবাঁধ এলাকায় প্রায় ৬ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ৭০টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ জালের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে প্রশাসন।
শনিবার (২৩ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নদীতে পাতানো নিষিদ্ধ জাল জব্দের পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থান থেকেও অবৈধ জাল উদ্ধার করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খানসহ অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে অভিযান শুরু করা হয়। তবে অভিযানের খবর আগেই টের পেয়ে জাল মালিকরা পালিয়ে যায়। পরে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে জব্দকৃত জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
Good news
Good