২৩ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কমলা বাগানে থোকায় থোকায় ঝুলছে দার্জিলিং কমলা, দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা

২৩ নভেম্বর, ২০২৬

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: কমলার বাগান

 

আহসান হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি, 
রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্রিজ এলাকায় কৃষি উদ্যোক্তা মোহাম্মদ জয়নাল আবেদিনের কমলা বাগানে থোকায় থোকায় ঝুলছে হলুদ রঙের দার্জিলিং জাতের কমলা। গাছের ডালে ডালে পাকা কমলার এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে বাগানটি।
চাকরি থেকে অবসরের পর চার বছর আগে কৃষি উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেন জয়নাল আবেদিন। প্রথমে ছয় বিঘা জমিতে সবুজ মাল্টা, চায়না ও দার্জিলিং জাতের কমলার চাষ শুরু করলেও বর্তমানে তাঁর বাগানের পরিধি বেড়ে দাঁড়িয়েছে প্রায় আট বিঘায়। বাগানে রয়েছে তিন শতাধিক ফলের গাছ। প্রতিটি গাছে ধরেছে প্রচুর পরিমাণে কমলা। কোনো কোনো গাছে ৮০০ থেকে ৯০০টি পর্যন্ত কমলা ধরেছে বলে জানা গেছে।
নভেম্বর মাস থেকে বাগানের উৎপাদিত কমলা বিক্রি শুরু করেছেন তিনি। মিষ্টি ও সুস্বাদু হওয়ায় দার্জিলিং জাতের কমলার চাহিদাও রয়েছে বেশ। বাগান থেকেই সরাসরি কমলা কিনতে পারছেন দর্শনার্থীরা। স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত ফল পাঠানো হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়।
শুধু ফল উৎপাদন ও বিক্রিই নয়, বাগানটিকে দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় করে তুলেছেন মালিক জয়নাল আবেদিন। বাগানের সুন্দর ও মনোরম পরিবেশে ঘুরে বেড়ানোর পাশাপাশি ছবি তোলার জন্য রয়েছে বিভিন্ন ব্যবস্থা। শিশুদের বিনোদনের জন্যও রাখা হয়েছে আকর্ষণীয় কিছু আয়োজন। কমলা ও মাল্টার পাশাপাশি এখানে চাষ করা হয়েছে বিদেশি জাতের পেঁপে ও ড্রাগন ফল। একই সঙ্গে বাগানের পাশে উৎপাদিত বিভিন্ন ফলের চারাও বিক্রি করা হচ্ছে।
প্রতিদিনই ঠাকুরগাঁওসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ পরিবার-পরিজন নিয়ে বাগানটি দেখতে আসছেন। কেউ ঘুরে দেখছেন কমলা বাগান, কেউবা গাছ থেকে পছন্দের কমলা কিনে নিচ্ছেন। অনেকে আবার ফলের চারা কিনেও বাড়ি ফিরছেন।
বাগানটি ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, গাছে গাছে থোকায় থোকায় হলুদ কমলা ঝুলে থাকার দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। পরিবার নিয়ে এমন সুন্দর পরিবেশে সময় কাটানোর পাশাপাশি বাগান থেকেই টাটকা ফল কেনার সুযোগ রয়েছে।

বাগানের মালিক মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, চাকরি থেকে অবসরের পর কৃষির প্রতি আগ্রহ থেকেই তিনি বাগানটি গড়ে তোলেন। ধীরে ধীরে বাগানের পরিধি বাড়িয়েছেন। ফল উৎপাদনের পাশাপাশি দর্শনার্থীদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করেছেন। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে।
আজ থেকে বাগানটি সাধারণ দর্শনার্থীদের ঘোরাঘুরির জন্য উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কৃষি উদ্যোক্তা জয়নাল আবেদিনের এই উদ্যোগে একদিকে যেমন ফল উৎপাদন বাড়ছে, অন্যদিকে তৈরি হয়েছে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ। একই সঙ্গে কমলা বাগানটি হয়ে উঠেছে রুহিয়ার নতুন আকর্ষণ ও দর্শনার্থীদের কাছে এক মনোরম ভ্রমণস্থল।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news