১৪ সেপ্টেম্বর, ২০২৫
মোঃ শাহরিয়ার,
ছবি: বোমাং রাজার সনদ
পার্বত্য জেলা বান্দরবানে বোমাং রাজার নাম ব্যবহার করে জারি করা সনদকে ঘিরে চলছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। আইন অনুযায়ী মাত্র ২০০ টাকার সনদ সাধারণ মানুষকে দেওয়ার কথা থাকলেও বাস্তবে এর জন্য আদায় করা হচ্ছে ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, বোমাং সার্কেল এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর নানা ধরণের সামাজিক, পারিবারিক এবং জমি-সম্পত্তি সংক্রান্ত কাজে এই সনদ প্রয়োজন হয়। বিশেষ করে জমি লেনদেন, ব্যবসা পরিচালনা, কিংবা সরকারী কোনো সুবিধা গ্রহণের ক্ষেত্রে বোমাং রাজার কার্যালয় থেকে সনদ সংগ্রহ বাধ্যতামূলক। এই সুযোগকে কেন্দ্র করে কিছু অসাধু দালাল ও প্রভাবশালী মহল সাধারণ মানুষকে জিম্মি করে সনদ প্রদানের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।
ভুক্তভোগী একাধিক ব্যক্তি তারুণ্যে-২৪ প্রতিবেদককে জানায়, সনদ সংগ্রহ করতে গিয়ে অফিসে ঘুরতে ঘুরতে হয়রানির শিকার হয়েছেন। সরাসরি আবেদন করলে নানা অজুহাতে বিলম্ব করা হয়। পরে দালালের মাধ্যমে যোগাযোগ করলে দ্রুত সনদ মেলে, তবে এর জন্য গুনতে হয় কয়েক হাজার টাকা।
এ বিষয়ে এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন—
"সরকারি কাগজে যেখানে ২০০ টাকা ফি ধরা আছে, সেখানে আমাদের কাছ থেকে ২৫-৩০ হাজার টাকা নেওয়া হচ্ছে। এভাবে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে প্রতিদিন।"
অন্যদিকে স্থানীয় সচেতন মহল অভিযোগ করেছে, এই অনিয়মের সাথে রাজার কার্যালয়ের কিছু দায়িত্বশীল ব্যক্তি সরাসরি জড়িত। তারা দালাল চক্রের মাধ্যমে টাকা সংগ্রহ করছে, আর তার ফলে প্রকৃত গরিব ও অসহায় মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।