১৩ সেপ্টেম্বর, ২০২৫
মোঃ শাহরিয়ার,
ছবি: গ্রেপ্তারকৃত মাহমুদুল
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে সম্পত্তি নিয়ে দ্বন্দ ও পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যার দায় স্বীকার করেছে ছেলে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে এ স্বীকারোক্তি দেয় অভিযুক্ত ছেলে মাহমুদুল হাসান (২১)
পিবিআই জানিয়েছে, গত ৩ সেপ্টেম্বর গভীর রাতে ফান্দাউক গ্রামের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় হাজী মো. আলম মিয়া (৬০) কে লোহার পাইপ দিয়ে আঘাত করে নির্মম ভাবে হত্যা করে মাহমুদুল। ঘটনার পর বিষয়টি আড়াল করতে সে থানায় মামলা দায়ের করে দাবি করে যে—ডাকাতেরা ঘরে ঢুকে হত্যা ও স্বর্ণালঙ্কার লুট করেছে।
পিবিআই 'র তদন্তে ডাকাতির প্রমাণ মেলেনি। আসামির স্বীকারোক্তি অনুযায়ী তার দেখানো স্থান থেকে হত্যার কাজে ব্যবহৃত ৩ ফুট লম্বা লোহার পাইপ উদ্ধার করেছে পিবিআই।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার শচীন চাকমা বলেন,
“এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। পারিবারিক দ্বন্দ্ব ও সম্পত্তির লোভই ছিল এর মূল কারণ। আসামি আদালতে খোলাখুলিভাবে হত্যার দায় স্বীকার করেছে এবং হত্যার অস্ত্রও উদ্ধার করা হয়েছে।”
গ্রামবাসী জানায়, আলম মিয়া সামাজিকভাবে সৎ ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন। ছেলের হাতে বাবার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোক ও তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।