১৭ অগাস্ট, ২০২৬
আঃ হালিম সরদার,
ছবি: গফরগাঁও রেলওয়ে স্টেশনের সামনে থেকে অটোস্ট্যান্ড সরানোর দাবি এলাকাবাসীর
ঢাকা-ময়মনসিংহ রেলরুটের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রেলওয়ে স্টেশন গফরগাঁও। প্রতিদিন এই স্টেশন ব্যবহার করে গফরগাঁও উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ, নান্দাইল, হোসেনপুর ও ভালুকাসহ বিস্তীর্ণ অঞ্চলের হাজার হাজার মানুষ ঢাকা, ময়মনসিংহ হয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কিন্তু স্টেশনটির সামনের সড়কে অটোরিকশার অবৈধ স্ট্যান্ড ও তীব্র যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ট্রেনের যাত্রীসহ সাধারণ মানুষকে।
সরেজমিনে দেখা যায়, স্টেশনের মূল ফটকের সামনে এলোপাতাড়িভাবে অটোরিকশা দাঁড় করিয়ে রাখায় সেখানে সারাক্ষণ যানজট লেগেই থাকে। যানজটের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সাধারণ মানুষের স্বাভাবিকভাবে হেঁটে যাতায়াত করারও কোনো উপায় নেই। বিশেষ করে ট্রেন আসার সময় তাড়াহুড়ো করে স্টেশনে প্রবেশ করতে বা বের হতে গিয়ে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। বৃদ্ধ, শিশু ও রোগীদের নিয়ে স্টেশনে যাতায়াত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী যাত্রীরা জানান, এই সমস্যা দীর্ঘদিনের। ইতিপূর্বে বিভিন্ন পত্র-পত্রিকা ও সংবাদমাধ্যমে যানজটের এই বেহাল দশা তুলে ধরে একাধিক প্রতিবেদন প্রকাশ করা হলেও এখন পর্যন্ত এর কোনো প্রতিকার মেলেনি।
এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে যাত্রী ও সাধারণ মানুষের জোরালো দাবি— অবিলম্বে স্টেশনের সামনের এই অটোরিকশা স্ট্যান্ডটি অন্যত্র সরিয়ে নেওয়া হোক। জনসাধারণের এই সীমাহীন দুর্ভোগ লাঘবে এবং স্টেশনের পরিবেশ স্বাভাবিক রাখতে তারা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।