৩০ মে, ২০২৬
ডা.এম.এ.মান্নান,
ছবি: প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে ইসলামী ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক দায়িত্বশীল এবং যুব জনশক্তিদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক নাগরপুর উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি ও উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম বলেন, ইসলামী আদর্শে গড়ে ওঠা ছাত্র ও যুবসমাজই দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি যুবসমাজকে নৈতিকতা, মানবিকতা ও আদর্শিক চেতনায় উজ্জীবিত হয়ে সমাজ পরিবর্তনের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম সংগঠনের আদর্শিক চর্চা, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ডা. এম. এ. মান্নান বলেন, “যুবশক্তি আর ছাত্রশক্তি জাতির সবচেয়ে বড় সম্পদ। নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে ছাত্র ও যুবসমাজকে একটি কল্যাণমুখী সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ব্যবসা বিভাগের সভাপতি মো.আব্দুর রশিদ মিয়া হারুন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি কাজী আদনান রুসেল, সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী, অর্থ সম্পাদক মো. মহিদুল ইসলাম, নাগরপুর সদর ইউনিয়ন জামায়াত সভাপতি মো. ইমরান হোসাইন ও সেক্রেটারি মো.মিজানুর রহমান, বেকড়া ইউনিয়ন জামায়াত সভাপতি মো. হাবিবুর রহমান ও সেক্রেটারি মো.জাকির মিয়ানহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি-সেক্রেটারি, যুব নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।