০৮ মার্চ, ২০২৬
রইচ উদ্দীন আহম্মেদ,
ছবি: চালের ডিও বিতরণ করলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী
নওগাঁর মান্দা উপজেলায় মানবিক কর্মসূচির আওতায় জি.আর খাত থেকে বরাদ্দপ্রাপ্ত ২৪টি মাদ্রাসা ও এতিমখানার আহারের জন্য ১৮.৭৫০ মেট্রিক টন চালের ডি.ও (ডেলিভারি অর্ডার) বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চালের ডি.ও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের নির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, উপজেলা মৎস্য অফিসার দিপংকর পালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে সরকার বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে। খাবারের দুশ্চিন্তা দূর করে শিক্ষার্থীরা যেন পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিতে পারে এবং পুষ্টির অভাবে না ভোগে, সেজন্যই এই বিশেষ সহায়তা প্রদান করা হচ্ছে।
তিনি আরও যোগ করেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এই শিক্ষার্থীরাই আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত প্রতিটি মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষের প্রতিনিধিদের হাতে ১৮.৭৫০ মেট্রিক টন চালের ডি.ও তুলে দেওয়া হয়। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
Good news
Good