২৩ সেপ্টেম্বর, ২০২৫
মোঃ মনির হোসেন বকাউল,
ছবি: ইউএনও জাহিদ বিন কাশেম
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গাপূজা। প্রতিবছর এই পূজাকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি গুরুত্ব পায়।
এ বছরও মাধবপুরে পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ বিন কাশেম।
উপজেলা প্রশাসক হিসেবে তিনি প্রতিটি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা তৎপর রেখেছেন।সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য ইউএনও নিজেই বিভিন্ন ইউনিয়নের খোঁজখবর নিচ্ছেন এবং মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
এবার পূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক সরকারি কর্মকর্তাকে ভিন্ন ভিন্ন এলাকায় দায়িত্ব বণ্টন করা হয়েছে। পোস্টমাস্টার, কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পূজামণ্ডপগুলো সরেজমিন তদারকি করবেন এবং ইউএনও’র সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।এর ফলে পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা আরও সহজ হবে বলে মনে করছে স্থানীয়রা।
মাধবপুর বাজারে পূজার সময় বাড়তি ভিড় সামাল দিতে, যানজট নিয়ন্ত্রণে আনতে এবং চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড রোধে উপজেলা প্রশাসন আগাম প্রস্তুতি নিয়েছে। ইউএনও বাজার কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সমন্বয় করে কাজ করছেন।
এ ব্যাপারে সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহি বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ পূজা হলো দুর্গাপূজা। এ পূজা যেন কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রয়েছেন উপজেলা ইউএনও মহোদয়। মাধবপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি।”
মাধবপুর বাজার কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, পূজা উপলক্ষে ইউএনও জাহিদ বিন কাশেম এর উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। তার ব্যক্তিগত তৎপরতা এবং জনসেবামূলক মনোভাব স্থানীয়দের কাছে আস্থার জায়গা তৈরি করেছে।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা বলছেন, ইউএনও’র সক্রিয় দৃষ্টি ও কার্যকর পদক্ষেপে তারা আশ্বস্ত হয়েছেন এবং শান্তিপূর্ণভাবে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করতে পারবেন।
Good news
Good