১০ নভেম্বর, ২০২৬
ছবি: মৎস্য চাষি জাহাঙ্গীর আলম ও উপজেলা প্রশাসনের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত তাঁর আপত্তিকর ছবির দৃশ্য (ভুক্তভোগীর গোপনীয়তা রক্ষায় ছবিটি ব্লার করা হয়েছে)।
হবিগঞ্জের মাধবপুরে এক মৎস্য উদ্যোক্তার আপত্তিকর ও অর্ধনগ্ন ছবি উপজেলা প্রশাসনের সরকারি ফেসবুক পেজে প্রকাশের ঘটনায় তীব্র সমালোচনা ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের অভিযোগে ওই উদ্যোক্তাকে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা করা হলেও তাঁর এমন আপত্তিকর ছবি প্রকাশের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও মৎস্য উদ্যোক্তারা।
ওই মৎস্য উদ্যোক্তার নাম জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। সোমবার (৯ নভেম্বর) মাধবপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়ের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগ রয়েছে, অভিযানের সময় জাহাঙ্গীর আলমকে দিয়ে জাল তুলে মাছ ধরার দৃশ্য ধারণ করা হয়। এ সময় তাঁর পরনে ছিল অত্যন্ত স্বল্প কাপড়। পরে তাঁর ওই আপত্তিকর ছবি কোনো ধরনের ব্লার বা শরীরের অনুপযুক্ত অংশ আড়াল না করেই ১০ নভেম্বর সহকারী কমিশনার (ভূমি)-এর সরকারি ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়। একই ছবি উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি ফেসবুক পেজেও শেয়ার করা হয়। ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।
প্রতিটি ছবিতে ব্যবহৃত মোবাইলের মডেল হিসেবে ‘HONOR 400’ লেখা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, মোবাইলটি সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়ের ব্যক্তিগত ব্যবহৃত ফোন এবং ওই ফোন দিয়েই ছবিগুলো ধারণ করা হয়েছে। এমনকি সাংবাদিকদের কাছেও ছবিগুলো সরবরাহ করা হয়েছে বলে জানা গেছে। এর আগে মন্ত্রীর প্রটোকল ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতেও একই মোবাইল মডেলের ওয়াটারমার্ক দেখা গেছে। তবে ফোনটির মালিকানা ও ছবি ধারণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
জাহাঙ্গীর আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমারও তো একটা মানসম্মান আছে। আমার দুটি সন্তান স্কুলে পড়ে। আমাকে দিয়ে মাছ ধরানো হয়েছে, কিন্তু তখন আমার কাপড় ঠিক ছিল না। সেই ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। সরকারের লোকেরা এত দায়িত্বজ্ঞানহীন কেন? জরিমানা করেছে, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার আপত্তিকর ছবি ব্লার না করে উপজেলা প্রশাসনের সরকারি ফেসবুক পেজে প্রকাশ করা হলো কেন?”
দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বেলাল বলেন, “আইন কি শুধু গরিব মানুষের জন্য? সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিদেরও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমি প্রশাসনের কাছে ভুক্তভোগীর কাছে দুঃখ প্রকাশ এবং অনুমতি ছাড়া প্রকাশিত আপত্তিকর ছবিটি দ্রুত সরিয়ে নেওয়ার অনুরোধ জানাই।”
স্থানীয় মৎস্য সংগঠনের নেতা ও মৎস্য উদ্যোক্তা নয়ন মিয়া বলেন, “মৎস্য উদ্যোক্তা হয়েছি বলে কি আমাদের মানসম্মান নেই? দ্রুত ছবিটি সরিয়ে না নিলে আমরা আন্দোলনের ডাক দেব। আইনের লোকজনই যদি বেআইনি কাজ করেন, তাহলে আমরা কোথায় যাব? তাছাড়া মাছটি আফ্রিকান মাগুর ছিল কি না, সেটিও যাচাই করা প্রয়োজন।”
উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুর রহমান বলেন, নিষিদ্ধ মাছ চাষের অভিযোগে তাঁকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। তবে তাঁর আপত্তিকর ছবি প্রকাশের বিষয়টি তাঁদের নিয়ন্ত্রণে ছিল না। ছবি তোলার সময় তিনি আপত্তি জানাননি বলেও উল্লেখ করেন।
এ বিষয়ে জানতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং পাঠানো বার্তারও জবাব দেননি।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী হোসেন সোহেল বলেন, “আইন সবার জন্য সমান। কারও অনুমতি ছাড়া তাঁর আপত্তিকর ছবি প্রকাশ ও প্রদর্শনের বিষয়টি আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে। ভুক্তভোগী চাইলে আমরা তাঁকে আইনি সহযোগিতা দেব।”
Good news
Good
wonderful news