১২ অক্টোবর, ২০২৬
মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ছবি: ভোলাহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
“স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি” স্লোগানকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনগণকে অবহিত করতে ভোলাহাটে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) বেলা ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরে ভোলাহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে নিয়োজিত সুপারভাইজার ও ফিল্ড ওয়ার্কারদের দায়িত্ব এবং কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন ইউএনও মোঃ নাহিদ হোসেন।
এ সময় তিনি উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের কর্মসূচিটি সম্পর্কে বিস্তারিত প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে মাইকিং এবং গুরুত্বপূর্ণ এলাকার মসজিদের মাইকের মাধ্যমেও প্রচারণা চালানো হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের ইনচার্জ মোঃ মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ ইয়াজদানী আলরাজী আল জর্জ।
এ ছাড়া গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলাহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মইনুল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরীফ, সাবেক সভাপতি ও ‘ভোলাহাট সংবাদ’ পত্রিকার প্রকাশক-সম্পাদক মোঃ গোলাম কবির পিকু, সাংবাদিক মোঃ জামিল হোসেন এবং প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার রুমন।
অনুষ্ঠানে ভোলাহাট সদর ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করে তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত সুপারভাইজার ও ফিল্ড ওয়ার্কাররাও উপস্থিত ছিলেন। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারগুলোকে অতিদরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত—এই পাঁচটি শ্রেণিতে বিভক্ত করে তথ্য সংগ্রহের বিষয়টি সভায় তুলে ধরা হয়।
Good news
Good
wonderful news